দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ দেশের বিশিষ্ট নাগরিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। পৃথক বিবৃতি দিয়ে তাঁরা বলেন, তাঁর গ্রেপ্তার সংবিধানে দেওয়া নাগরিকের বাক, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত।খালেদা জিয়ার উদ্বেগ: গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে। তিনি মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।জামায়াতে ইসলামী: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেছেন, সরকার মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রকে পদদলিত করেছে।নাগরিক রক্ষা কমিটি: মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর আহ্বায়ক কবি ও লেখক ফরহাদ মজহার বলেন, কর্মস্থল থেকে এই গ্রেপ্তার মানবাধিকারের চরম লঙ্ঘন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী। লিখিত বক্তব্যে বলা হয়, তাঁকে গ্রেপ্তারের ঘটনায় আইনজীবী সমিতি গভীর উদ্বেগ ও নিন্দা জ্ঞাপন করছে। বিকল্পধারা বাংলাদেশ: পৃথক বিবৃতিতে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মাহমুদুর রহমানসহ বিরোধীদলীয় নেতাদের গ্রেপ্তারের সমালোচনা করে বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় তারা একদলীয় অথবা একজোটীয় নব্য বাকশালীয় পদ্ধতি কায়েমের চেষ্টা করছে। শত নাগরিক: ২৬ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে মাহমুদুর রহমানের গ্রেপ্তার গণতন্ত্র ও গণমাধ্যমের ওপর চরম আঘাত বলে মন্তব্য করেন। বিবৃতি দেন এমাজউদ্দীন আহমদ, এম এ মাজেদ, মনিরুজ্জামান মিঞা, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, মোহাম্মদ আসাফউদদৌলাহ, জাফরউল্লাহ চৌধুরী, আনোয়ারউল্লাহ চৌধুরী, এস এম এ ফায়েজ, মাহবুব উল্লাহ প্রমুখ। হেফাজতে ইসলাম: সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতারা এক বিবৃতিতে বলেন, ইসলামবিরোধী ও নাস্তিক-মুরতাদদের খুশি করতেই সরকার মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে। এটা করে সরকার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।