খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি ১৩ জুলাই
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট খারিজের আদেশের বিরুদ্ধে তাঁর করা আবেদন ১৩ জুলাই শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
ওই দুই মামলায় বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন প্রাথমিক শুনানির পর গত ২৫ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি একক বেঞ্চে পাঠান। ১৯ জুন ওই একক বেঞ্চ রিট আবেদন দুটি খারিজ করেন।
ওই খারিজ আদেশে স্থগিতাদেশ চেয়ে ও মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে গত সোমবার খালেদা জিয়ার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুটি আবেদন করেন। গতকাল আবেদন দুটি চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়।
আইনজীবী সূত্র জানায়, আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
ওই দুই মামলায় আজ বুধবার বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। পরে আইনজীবী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি আবেদন দুটি ১৩ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। ওই দুই মামলায় বিচারক নিয়োগের বৈধতা ও এখতিয়ারের বিষয়ে করা আবেদন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই সময় চাওয়া হবে। এ কারণে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি হওয়া উচিত নয়।
ওই দুই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সোমবার পৃথক লিভ টু আপিল করেন খালেদা জিয়া।