খালেদা জিয়ার দুই আবেদনের শুনানি ২৪ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিট খারিজের বিরুদ্ধে করা দুটি আবেদনের (সিএমপি) শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন।
ওই মামলা দুটিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন (রিভিশন) খারিজের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর ২৪ জুলাই শুনানির দিন ধার্য রয়েছে।
১৩ জুলাই আপিল বিভাগ রিট খারিজের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আবেদন (সিএমপি) শুনানির জন্য ২১ জুলাই তারিখ ধার্য করেন।
গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত ২৪ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।
ওই দুই মামলায় গত ১৯ মার্চ খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে ঢাকার বিশেষ জজ আদালত-৩ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন খালেদা জিয়া। আবেদন দুটি ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। ওই দুই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও বিচারক নিয়োগের প্রক্রিয়ার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা দুটি রিট ১৯ জুন হাইকোর্টে খারিজ হয়। হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিলসহ চারটি আবেদন করেন।