খালেদা জিয়ার দুই মামলা স্থগিত
নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার মামলা দুটির কার্যক্রম আজ স্থগিত করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি পৃথক দুটি পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর দারুসসালাম থানায় মামলা দুটি করে পুলিশ। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি করা মামলায় ২০১৬ সালের ১২ মে খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে এবং ২০ ফেব্রুয়ারি করা মামলায় ২০১৬ সালের ১৪ মে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এই দুই মামলা গত বছরের ১০ আগস্ট আমলে নেন বিচারিক আদালত। এ আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া চলতি মাসে হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলের আরজি জানানো হয়। শুনানি নিয়ে আদালত আজ এ স্থগিতাদেশ দেন।