বাসে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এই আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
পরে মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে করা দুটি মামলার কার্যক্রম খালেদা জিয়ার ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
আইনজীবী সূত্র বলেছে, দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর দারুস সালাম থানায় পুলিশ দুটি মামলা করে।
এদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গতকাল চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তা তালিকা থেকে বাদ দেন।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, নিয়মিত লিভ টু আপিল করা হবে, সে জন্য আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়। আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে এর আগে ২৯ মার্চ হাইকোর্ট রুলসহ ওই মামলাটির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন।