খালেদা জিয়ার দুটি মামলার শুনানি ১৬ ফেব্রুয়ারি
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলায় ১৬ ফেব্রুয়ারি শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষ্য এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া গতকাল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি অসুস্থ জানিয়ে তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন পরে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া অসুস্থ। এ দুটি মামলায় ২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে তিনি অনাস্থা জানিয়ে আবেদন করেছিলেন। বিচারিক আদালত তা নাকচ করে দেন। ওই নাকচ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তা ১৩ ফেব্রুয়ারি শুনানির জন্য আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা সময় চেয়েছেন। আদালত তা মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন।
২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানান খালেদা জিয়া। ওই দিন এ মামলায় আত্মপক্ষ সমর্থনের ধার্য দিনে তিনি এ অনাস্থা জানান। আদালত তা নামঞ্জুর করে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের জন্য গতকাল দিন ধার্য ছিল।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।