খালেদা জিয়ার দুটি মামলার শুনানি ২৬ জানুয়ারি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২৬ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন। একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলারও শুনানির একই তারিখ ধার্য করা হয়েছে।
গতকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আদালতে এক আবেদন করেন। তাতে বলা হয়, এই মামলায় সাক্ষীদের সাক্ষ্যকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। ওই আবেদন শুনানির অপেক্ষায় আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে দুটি মামলার বিচারকাজ চলছে।
গতকাল বেলা পৌনে ১১টার দিকে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন। বেলা একটা পাঁচ মিনিটে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, দুটি মামলায় ২৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। একটি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য জেরার জন্য দিন ধার্য করা হয়েছে।
গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের তৎকালীন পরিচালক নূর আহমেদ সাক্ষ্য দিয়েছেন। খালেদা জিয়ার পক্ষে জেরা শুরু হয়েছে।