খালেদা জিয়ার দুর্নীতি মামলার শুনানি আবার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি। আসামিপক্ষ তাঁর অসুস্থতার কথা বলে আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক ১ অক্টোবর শুনানির নতুন তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। বিএনপির নেত্রীর আইনজীবীরা একটি দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ। তিনি দুই হাঁটুতে সেলাই থাকায় ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। এ কারণে আদালতে হাজির হতে পারেননি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরকারি কৌঁসুলিরা শুনানি পেছানোর আবেদনের বিরোধিতা করেন। আসামিপক্ষের আইনজীবীরা তখন দুদকের কৌঁসুলিদের বলেন, ‘আপনারা ডেসটিনির হাজার কোটি টাকা দুর্নীতির মামলায় কিছু বলেন না, এ মামলায় বিরোধিতা করেন।’ এ নিয়ে আদালতকক্ষে উপস্থিত আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এতে আদালত আইনজীবীদের শান্ত হওয়ার কথা বলে এজলাস থেকে নেমে যান। ১০ মিনিট পর বিচারক এজলাসে উঠে বলেন, ‘অভিযোগপত্র আমলে নেওয়ার এ পর্যায়ে আসামির আদালতে আসার প্রয়োজন নেই। তবু তাঁর কথা বলে এ পর্যন্ত ১০ বার সময় নিয়ে আপনারা শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। এবার দেওয়া হলো।’ এর আগের ধার্য দিন ৫ আগস্টও খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। গত বছরের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক। গত ১৬ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।