খালেদা জিয়ার নামে থাকা ইজারা দলিল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িসহ সংশ্লিষ্ট সম্পত্তির ইজারা দলিল বাতিল করেছে ঢাকা জেলা নিবন্ধন কর্তৃপক্ষ।সূত্র জানায়, সামরিক ভূসম্পত্তি প্রশাসক, কেন্দ্রীয় সার্কেলের পক্ষ থেকে দলিলের নিবন্ধন বাতিলের জন্য তেজগাঁও সার্কেল এবং জেলা নিবন্ধন কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর পর গত রোববার এ দলিলের কার্যকারিতা বাতিল করা হয়।জানতে চাইলে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতে ওই বাড়ি নিয়ে করা খালেদা জিয়ার সব আবেদন নাকচ হয়ে গেছে। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বাতিলের প্রয়োজনীয়তা ছিল। এ কারণেই তা বাতিল করা হয়েছে।সামরিক ভূসম্পত্তি প্রশাসক, কেন্দ্রীয় সার্কেলের পক্ষ থেকে ইজারা দলিল বাতিলের জন্য উচ্চ আদালতের নির্দেশনার কথা ছাড়াও পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো সামরিক প্রকৌশল সার্ভিস বিধিমালা ১৯৬৪-এর ২২১ বিধি অনুসারে সেনানিবাস এলাকায় কোনো সামরিক ভূসম্পত্তি বেসামরিক ব্যক্তির অনুকূলে বিক্রয়, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তরের সুযোগ নেই। এতে সরকার, রাষ্ট্রপতি বা অন্য কোনো কর্তৃপক্ষের অনুরূপ হস্তান্তরের কোনো সুযোগ ছিল না, এখনো নেই। ফলে মইনুল রোডের বাড়ির ইজারা দেওয়ার জন্য সেনা সদর (কিউএমজি) শাখার ১৯৮১ সালের ১০ জুলাইয়ের প্রস্তাব ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নেওয়া সব ব্যবস্থা আইনবহির্ভূত।দ্বিতীয়ত, সামরিক প্রকৌশল সার্ভিস বিধিমালা ১৯৬৪-এর ২২১ বিধি অনুসারে সামরিক ভূমি ক্রয় ও পরিত্যাগের বিধান রয়েছে। কোনো সামরিক ভূমি অনাবশ্যক বিবেচিত হলে পরিত্যাগের বিধান রয়েছে। কিন্তু মইনুল রোডের বাড়ি খালেদা জিয়ার অনুকূলে পরিত্যাগ করা হয়নি।তৃতীয়ত, সেনানিবাস ভূমি প্রশাসন বিধি ১৯৩৭-এর ২৬ ধারা অনুসারে কেবল জনস্বার্থ-সংশ্লিষ্টতার ক্ষেত্রে নিলাম ও দর পরিহার করে বিশেষ মূল্য বা খাজনায় ইজারার মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের বিধান রয়েছে। কিন্তু খালেদা জিয়ার সম্পত্তির ক্ষেত্রে জনস্বার্থ বিবেচনায় ইজারা দেওয়া হয়নি। এ ধরনের ইজারার সুযোগও ছিল না।চতুর্থত, সেনানিবাস একটি সংরক্ষিত এলাকা। ২৭ বছর ধরে এই বাড়িতে থেকে খালেদা জিয়া রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সেনানিবাসের ভেতরে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা, হওয়া ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অনভিপ্রেত, বেআইনি এবং সেনানিবাসের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।পঞ্চমত, সেনানিবাস বিধি ১৯২৪ অনুসারে সেনাবাহিনীর কোনো জায়গা কোনো ব্যক্তির অনুকূলে ইজারা দেওয়ার বিধান নেই।আবেদনে বলা হয়, উচ্চ আদালতে আবেদন খারিজ হওয়ার পর অবশ্য খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দিয়েছেন এবং বাড়ির সব মালামাল নিজের আয়ত্তে নিয়ে গেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, খালেদা জিয়াকে বাড়ি থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে।১ জানুয়ারি খালেদা জিয়া নতুন বাড়িতে উঠবেনখালেদা জিয়া আগামী ১ জানুয়ারি নতুন বাড়িতে উঠছেন। গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে উঠবেন তিনি। জানা গেছে, বাড়িটিতে আগে বিগত জোট সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছেলে বাস করতেন। কয়েক মাস ধরে এটি খালি পড়ে আছে। এক বিঘা জমির ওপর ডুপ্লেক্স এই বাড়িতে সাতটি বেডরুম আছে।১৯৮১ সালে খালেদা জিয়াকে তৎকালীন সরকারের দেওয়া বাড়িটি গুলশানের এ সড়কেই। সেটি একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে বলে জানা যায়।বিএনপির চেয়ারপারসন বর্তমানে গুলশানে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন।