খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী সমর্থকদের ওপর যুবদলের হামলা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) মো. আবদুল মজিদের সমর্থকদের ওপর লক্ষ্মীপুরের রায়পুর শহরে সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার অনুসারী যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।শহরের বাস টার্মিনাল এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে আবদুল মজিদের সাত সমর্থক আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সূত্র জানায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) মো. আবদুল মজিদের সমর্থকেরা রায়পুর শহরের প্রধান সড়কের একটি অফিসে গতকাল বিকেলে এক সভা করেন। এতে এই আসনের বর্তমান সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়াবিরোধী বিপুলসংখ্যক নেতা-কর্মী সভায় যোগ দেন। এ সময় তাঁরা বিএনপিতে আবুল খায়ের ভূঁইয়ার একক স্বেচ্ছাচারিতার চিত্র তুলে ধরে নানা বক্তব্য দেন। সন্ধ্যা ছয়টার দিকে নেতা-কর্মীরা সভা শেষে বাড়ি ফিরছিলেন।