খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন। ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া আদালতে হাজির হয়েছেন। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে। আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী আবদুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামীকাল বৃহস্পতিবারও তিনি খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। 


যুক্তিতর্কের শুনানির সময় আবদুর রেজ্জাক খান আদালতকে বলেন, ‘এটি একটি অসার যুক্তিহীন সৃজিত মামলা।’

বেলা ১টা ৪০ মিনিটে আজকের মতো যুক্তিতর্কের শুনানি শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণ ছেড়ে যান খালেদা জিয়া।

এর আগে বেলা ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। এই মামলায় আজ আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তিতর্কের শুনানি শেষ করে। যুক্তিতর্কের শুনানি শেষে দুদক খালেদা জিয়াসহ অন্য আসামিদের সর্বোচ্চ সাজা চায়। দুদকের পক্ষে আইনজীবী মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।