খালেদা জিয়ার পথসভায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত ৭
নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর নামক স্থানে গতকাল শনিবার দুর্বৃত্তদের হামলায় যুবদল ও ছাত্রদলের সাত নেতা-কর্মী আহত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সোনাইমুড়ীর পথসভায় যাওয়ার পথে তাঁদের ওপর এই হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে চাটখিলের খিলপাড়া থেকে যুবদল ও ছাত্রদলের একদল নেতা-কর্মী হেঁটে খালেদা জিয়ার পথসভায় যাচ্ছিলেন। তাঁরা শিবপুর পুলের গোড়ায় পৌঁছালে একদল দুর্বৃত্ত চায়নিজ কুড়াল, রড ও কিরিচ নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে খিলপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল সজীব, মহসিন, রিপন, সাদ্দাম, হুমায়ুন, তৈয়ব ও জাবেদ আহত হন।সূত্র জানায়, সজীবের মাথা, হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।সজীবের পারিবারিক সূত্র জানায়, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহবুব উদ্দিন খোকন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন হামলার নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।