সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বক্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন। আদালত স্বীয় বিবেচনায় এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। গতকাল শনিবার সকালে রাজধানীর বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের ১০৭তম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩৮ জন বিচারক অংশ নিচ্ছেন।বিদায়ী প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অর্থ নিয়ে মামলার রায় দিয়েছেন বলে খালেদা জিয়া সম্প্রতি মন্তব্য করেছেন। বিরোধীদলীয় নেত্রীর এই বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ভিত্তিহীনভাবে কোনো তথ্য-প্রমাণ ছাড়া মন্তব্য করা ঠিক নয়। এটা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর।শফিক আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিচারক, সরকারি কর্মকর্তাসহ অন্যদেরও অর্থ সাহায্য দেওয়া হয়। খায়রুল হক এ তহবিল থেকে অর্থ সাহায্য নিয়েছেন। চিকির্যাসার জন্য নেওয়া অর্থ সাহায্যকে ঘুষ দিয়ে রায় প্রদানের সঙ্গে যুক্ত করা আদালত অবমাননার পাশাপাশি আদালতকে হেয় করার শামিল। এ ধরনের অর্থ সাহায্য আগেও অনেক বিচারপতি নিয়েছেন, এখনো অনেকে নিচ্ছেন। আদালত জনগণের সুবিচারপ্রাপ্তির শেষ আশ্রয়স্থল। কাজেই আদালত সম্পর্কে কারোরই ভিত্তিহীন মন্তব্য করা উচিত নয়।অসচ্ছলদের আইনি সহায়তা: প্রকৃত অসচ্ছল বিচারপ্রার্থীরা যাতে আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করতে জেলা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।গতকাল দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্ট পার্ট-বি আয়োজিত ‘কার্যকর আইনগত সহায়তা ব্যবস্থাপনা’বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এই আহ্বান জানান। শফিক আহমেদ বলেন, সুবিচারপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য সরকার আইনগত সহায়তা কর্মসূচি পরিচালনা করছে। এ কর্মসূচিকে আরও গতিশীল করতে বিচারক ও আইনজীবীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।