ভারতের সঙ্গে বিভিন্ন বিষয় অমীমাংসিত থাকার জন্য আওয়ামী লীগকে দায়ী করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন তিনজন মন্ত্রী-সাংসদ। জাতীয় সংসদে গতকাল বুধবার তাঁরা এ সমালোচনা করেন। তাঁরা ভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকারে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যায়িত করেন।
ওই সাক্ষাৎকারে খালেদা জিয়া ভারতের সঙ্গে বিভিন্ন সমস্যা নিরসন না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।
গতকাল পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ ২১ বছর ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল, ফারাক্কা, তিস্তা, পার্বত্য চট্টগ্রাম ও সমুদ্রসীমা নিয়ে যে সমস্যা রয়েছে, তা নিয়ে ওই সময় কোনো আলোচনা হয়নি। ছিটমহল নিয়ে মুজিব-ইন্দিরা চুক্তি বাংলাদেশ সংসদে অনুমোদন পেয়েছিল। কিন্তু ভারতের সংসদ অনুমোদন করেনি। এ জন্য আওয়ামী লীগকে দায়ী করলে চলবে না। তিনি বলেন, ‘সমুদ্রসীমার ব্যাপারে আমরা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছি, আশা করি রায় পাব।’
শিল্পমন্ত্রী বলেন, তিস্তা চুক্তির বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে হয়নি। এতে আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই। কারণ, বিষয়টি তাদের অভ্যন্তরীণ। তিনি বলেন, খালেদা জিয়া এখন জনবিচ্ছিন্ন হয়ে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। তাই মিথ্যার রাজনীতি চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর মুখোশ আগেই উন্মোচিত হয়েছে। তাঁরা ক্ষমতায় থাকতে আসামের উলফা বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়েছিল। সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন বাড়ে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর একযোগে সারা দেশের মন্দিরে হামলা চালানো হয়েছিল, সেটা সারা দুনিয়া জানে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘আপনাদের কূটনৈতিক বেয়াদবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি চুরিদারি নিয়ে আছেন, ওটা নিয়েই থাকেন। কথা বলতেই থাকেন, থামবেন না। আপনার রাজনীতির দেউলিয়াত্ব প্রকাশ হয়ে গেছে। আরও প্রকাশ হবে।’ তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় ভারতে গিয়ে গঙ্গার ৩৪ হাজার কিউসেক পানিতে রাজি হয়েছিলেন। যেখানে বঙ্গবন্ধু ৪৪ হাজার কিউসেক দাবি করেছিলেন। খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়ে এনে জামায়াতের হরতালের কারণে তাঁর সঙ্গে দেখা করতে যাননি।
খালেদা জিয়ার উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, ‘উলফা পালবেন, আবার বন্ধুত্বের কথা বলবেন, তা তো হয় না। এভাবে চোখে ধুলা দিয়ে বেশি দিন চলা যায় না। আওয়ামী লীগ বন্ধুত্বকে গুরুত্ব দেয়। কিন্তু ন্যায্য হিসাব আদায় করে নেয়।’
মতিয়া চৌধুরীর আগে জাসদের মইনউদ্দিন খান বাদল বলেন, ‘খালেদা জিয়া সব সময় মিথ্যা বলেন না। কথার ফাঁকে ফাঁকে নিজের অজান্তে সত্য বলে ফেলেন। পত্রিকায় দেখেছি, তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ভালো আছে, তারা ভারতে অনুপ্রবেশ করছে না। বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে, তবে অযথা উৎপাত করছেন কেন? জনগণকে ভালো থাকতে দিন।’ তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক। যদিও শকুনের দোয়ায় গরু মরে না।