মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের অবস্থান ও ৩০ লাখ শহীদের পরিসংখ্যান নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘বিতর্কিত’ মন্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন সিনেট অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন হয়।
এতে সিনেট সদস্যরা ডাকসু নির্বাচন, পড়াশোনার মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা বাড়ানো, নতুন বিভাগগুলোর জন্য স্থান, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের ওরিয়েন্টেশন, বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা বৃদ্ধি, গবেষণা ভাতা বাড়ানো এবং সহযোগী ডিন নিয়োগ করাসহ বিভিন্ন প্রস্তাব করেন।
অধিবেশনে সিনেটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর দেশের এক শ্রেণির রাজনীতিবিদ ৩০ লাখ শহীদের পরিসংখ্যান নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা সত্যের অন্বেষণ করে। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কোনো অপপ্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় বরদাশত করতে পারে না। মুক্তিযুদ্ধে শহীদদের পরিসংখ্যান নিয়ে বিতর্কিত মন্তব্য করা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার শামিল।
এ সময় তিনি অবিলম্বে ১৯৭১ সালে এ দেশে গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
পরে সিনেটে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। এ সময় বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের সিনেট সদস্যরা অনেকেই বের হয়ে যান। তবে ওই সময় সাদা দলের জ্যেষ্ঠ একাধিক সদস্য অধিবেশনে ছিলেন। এ নিয়ে বাইরে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অন্যরা। একপর্যায়ে সিনেটের একাধিক সদস্য তাঁদের বক্তব্যে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করলে তাঁরা প্রতিবাদ জানিয়ে বের হয়ে যান।
গত ১৪ ডিসেম্বর সিন্ডিকেটের এক বিশেষ সভায় পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়াসহ সব সামাজিক সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়, সিনেট তাতে সমর্থন দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষকদের মর্যাদা রক্ষার জন্য আমাদের এখন যেকোনো ধরনের পদক্ষেপ নিতে হবে। নইলে পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এই সরকার আমাদের। এ জন্য আমরা অনেক ধৈর্য ধরে এগিয়েছি। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো পূরণ করা হয়নি। আমরা সাফল্য না নিয়ে ঘরে ফিরে যাব না।’
সিনেটের শিক্ষক প্রতিনিধি অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান শিক্ষকদের গবেষণা ভাতা বাড়ানো, সহযোগী ডিনের পদ সৃষ্টি করা ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ডাকসু নির্বাচনের দাবি জানান। এ ছাড়া শিক্ষকদের ওরিয়েন্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়া ও ট্র্যাফিক জ্যাম (যানজট) নিরসনের দাবি জানান।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ হচ্ছে। কিন্তু কীভাবে এর স্থান সংকুলান হবে, কীভাবে যোগ্য শিক্ষক পাওয়া যাবে, কীভাবে অর্থায়ন হবে-এর সঠিক দিক নির্দেশনা প্রয়োজন।
অধিবেশনে সিন্ডিকেটের জন্য সিনেটের তিনজন প্রতিনিধি ও ফাইন্যান্স কমিটির জন্য একজন প্রতিনিধি নির্বাচন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন উপস্থিত ছিলেন।