জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠন। ওই বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার খালেদা জিয়া ও তারেক রহমানের কুশপুতুল পুড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর আগে ২৫ মার্চ তাঁর বড় ছেলে তারেক রহমানও লন্ডনে এক অনুষ্ঠানে একই দাবি করেন।
এই দাবিকে ‘উদ্ভট’ ও ‘ইতিহাস বিকৃতির নবতর সংযোজন’ উল্লেখ করে সেক্টর কমান্ডারস ফোরাম গতকাল এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি একটি রাজনৈতিক মহল থেকে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করার অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের উদ্ভট দাবিকে সেক্টর কমান্ডারস ফোরাম কেবলমাত্র ঐতিহাসিক সত্যেরই নির্লজ্জ অপমান বলে মনে করে না, বরং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে ধারাবাহিক অপচেষ্টা চলে আসছে, তারই নবতর সংযোজন বলে মনে করে।
সেক্টর কমান্ডারস ফোরাম বলেছে, ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করে একটি বৈধ সরকার গঠন করা হয়। সেদিনকার মেজর জিয়াউর রহমান এ সরকারের অধীনেই মুক্তিযুদ্ধের জেড ফোর্স পরিচালনা করেন।
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করার প্রতিবাদে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের কুশপুতুল পুড়িয়েছে ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে আজ শনিবার সব জেলা, মহানগর ও উপজেলায় এবং কাল রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি মুনতাসীর মামুন, সাধারণ সম্পাদক মেসবাহ কামাল ও যুগ্ম সম্পাদক মো. সেলিম এক বিবৃতিতে ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বক্তব্য দিয়ে খালেদা জিয়া মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের প্রতি চরম অসম্মান করেছেন। দেশের সুস্থ রাজনীতির স্বার্থে এ ধরনের বক্তব্য প্রত্যাহার করে সঠিক ইতিহাস তুলে ধরা বাঞ্ছনীয়। খালেদা জিয়ার এ বক্তব্য ইতিহাসের কোনো তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়, বরং ইতিহাস থেকে বহু দূরে। তাঁর স্বামী প্রয়াত মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের কমান্ডার ছিলেন, দেশের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ২৫১ জন সাংস্কৃতিক কর্মীও খালেদা জিয়া ও তারেকের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান।