খালেদা জিয়ার বক্তব্যের নিন্দায় পুলিশ
জঙ্গিবিরোধী অভিযান নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত শনিবার যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা করেছে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার পৃথক দুটি বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন কল্যাণপুরের ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্যমূলক, দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বক্তব্যে প্রকারান্তরে জঙ্গিরা উৎসাহিত হতে পারে। কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত। এমন স্পর্শকাতর ইস্যুতে সকলেরই দায়িত্বপূর্ণ বক্তব্য দেওয়া বাঞ্ছনীয়।’
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে বলা হয়, যেকোনো ঘটনায় পুলিশের উদ্দেশ্য থাকে সব আসামিকে জীবিত গ্রেপ্তার করা। কিন্তু যখন কোনো অভিযানে পুলিশের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন পুলিশ সন্ত্রাসীদের প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করতে বাধ্য হয়। কল্যাণপুরের ঘটনায় পুলিশ জান-মালের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের দিকে গুলি ছোড়ে। এতে নয়জন সন্ত্রাসী নিহত ও একজন জীবিত উদ্ধার হয়। যদি ঘটনা সাজানো হতো, তাহলে রাকিবুল হাসান¦রিগ্যানকে জীবিত রাখা হতো না। কল্যাণপুর থেকে জঙ্গিদের বিভিন্ন ধরনের অডিও, ভিডিও ও স্থিরচিত্র পাওয়া গেছে। সেগুলো তাদের জঙ্গিবাদে জড়িত থাকার অকাট্য প্রমাণ।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, বিএনপির চেয়ারপারসনের মতো দায়িত্বশীল একজন নাগরিকের কাছ থেকে এ ধরনের বক্তব্য শুধু পুলিশকেই নয়, বরং সমগ্র জাতিকে হতাশ করেছে। বিজ্ঞপ্তি।