খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনায় প্রজন্ম ’৭১
শাহবাগের তরুণদের নাস্তিক ও নষ্ট তরুণ বলে অভিহিত করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ’৭১’।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম ’৭১ আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘শাহবাগের ব্লগারদের ঢালাওভাবে নাস্তিক কিংবা তরুণদের নষ্ট বলে অভিহিত করে গণজাগরণ মঞ্চের প্রতি খালেদা জিয়া ও তাঁর তল্পিবাহকেরা যে পরিহাস ও কটূক্তি করে চলেছেন, তাতে আমরা তাঁদের বোধ, বুদ্ধি ও বিবেচনার প্রতি আস্থা রাখতে পারছি না।’লিখিত বক্তব্যে প্রশ্ন করা হয়, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী এবং ‘মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী’ দলের চেয়ারপারসন। তিনি কেমন করে এত নগ্ন ও ন্যক্কারজনকভাবে মানবতার বিরুদ্ধে অবস্থানকারীদের পক্ষাবলম্বন করেন? খালেদা জিয়ার বক্তব্য শহীদদের প্রতি চরম অবমাননাকর উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের অপরাধীদের প্রতি সমর্থন, ট্রাইব্যুনাল ও গণজাগরণ মঞ্চ বন্ধ করার যে হুমকি তাঁর দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা দেশের প্রতি অবজ্ঞা।বক্তব্যে বলা হয়, কোনো প্রতিহিংসাপরায়ণতা কিংবা প্রতিশোধস্পৃহা থেকে নয়, নিছক সভ্যতার দাবি মেটানোর প্রয়োজনে এবং লাখো শহীদের রক্তে স্নাত বাংলাদেশকে দায়মুক্ত করার জন্য এই অপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির কোনো বিকল্প নেই।সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলাকারীদের সমালোচনা, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি এবং জামায়াতের সঙ্গ ত্যাগের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি, ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাইব্যুনালকে সাংবিধানিকভাবে স্থায়ী করার দাবি জানানো হয়। এ ছাড়া, সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড হ্রাসের সুপারিশকে ‘অনভিপ্রেত এবং বিচারিক কার্যক্রমের ওপর হস্তক্ষেপ’ বলে উল্লেখ করা হয়।লিখিত বক্তব্য পাঠ করেন প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর। শহীদদের সন্তানদের পক্ষে উপস্থিত ছিলেন রফিক আলম মৃদুল, আসিফ মুনির, শিবলী মহম্মদ, নাদিম কাদের, নুজহাত চৌধুরী, বশির আহমেদ, আমিনুল ইসলাম, জাহীদ রেজা নূর, শমী কায়সার প্রমুখ।১৫টি ছাত্রসংগঠনের যৌথ বিবৃতি: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ১৫টি ছাত্রসংগঠনের নেতারা। গতকাল পাঠানো এক লিখিত বিবৃতিতে তাঁরা এই নিন্দা জানান। এসব সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন ও আদিবাসী ছাত্র পরিষদ।