খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে আজ বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি : মনিরুল আলম।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে আজ বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি : মনিরুল আলম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে আজ বুধবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁর বাড়ির সামনে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের ভাষ্য, ‘নিরাপত্তাজনিত কারণে’ খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির। তিনি জানান, খালেদা জিয়ার বাসার সামনে অতিরিক্ত এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে তাঁর বাড়ির সামনে বর্তমানে দুই প্লাটুন পুলিশ রয়েছে।
গুলশানের ৭৯ নম্বর রোডে খালেদা জিয়ার বাড়ির সামনে সকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবন্ধকতা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের এলাকাসহ পার্শ্ববর্তী পাকিস্তান দূতাবাসের সামনেও পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টার অবরোধ গতকাল বিকেল পাঁচটায় শেষ হয়। অবরোধ শেষে গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রহসনকে ‘না’ ও গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলা।