বিএনপির আইনজীবীদের সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার বাড়ি নিয়ে অ্যাটর্নি জেনারেল বিভ্রান্তি ছড়াচ্ছেন
খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িসংক্রান্ত মামলাটি বিচারাধীন। এ অবস্থায় জাতিকে বিভ্রান্ত করতে অ্যাটর্নি জেনারেল বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বিচারপতি টি এইচ খান। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।গতকাল শুক্রবার সকালে মোহাম্মদপুরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে টি এইচ খান এ কথা বলেন। ১২ নভেম্বরের পর খালেদা জিয়া বাড়িতে থাকতে পারবেন না মর্মে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির আইনজীবীরা গতকাল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আগের দিন বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেননি। খালেদা জিয়ার আইনজীবীরা স্থগিতাদেশ চাননি। তাই সময়সীমা শেষে খালেদা জিয়া আইনগতভাবে সেনানিবাসের বাড়িতে থাকতে পারেন না। স্থগিতাদেশ চাওয়া হয়নি বলে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান। তিনি বলেন, একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি ও স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এ সংক্রান্ত নথিপত্র রয়েছে।