বিএনপির সহসভাপতি নাজমুল হুদা বলেছেন, খালেদা জিয়ার বাড়ি নিয়ে স্থগিত আবেদন (স্টে পিটিশন) যদি আলাদাভাবে থাকত, তাহলে আদালত সেটার ওপর একটা আদেশ দিতেন। ওই আবেদন বাতিল অথবা কিছু একটা করে আদেশ একটা দিতেই হতো। কিন্তু সেই আবেদন ছিল না।খালেদা জিয়ার আইনজীবীদের ভুল সিদ্ধান্তের কারণে এমন হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘অবশ্যই। যাঁরা এটা মুভ করেছেন, তাঁদের আলাদা স্থগিত আবেদন চেয়ে মুভ করা উচিত ছিল।’ওই মামলার অন্যতম আইনজীবী মওদুদ আহমদ সম্পর্কে নাজমুল হুদা বলেন, ‘তাঁর ইনটেনশন সম্পর্কে আমি কিছু জানি না। রাষ্ট্রপতি পদ্ধতির সরকারের অধীনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, উপরাষ্ট্রপতি হয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন। ওনার শুধু একটিই পদ বাকি আছে। সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হওয়া।’ তিনি আরও বলেন, ‘কোন ইনটেনশনে কে কাজ করছে, সেটা তো আমি কিছু বলতে পারব না।’ঈদের আগে হরতাল প্রসঙ্গে নাজমুল হুদা বলেন, ঈদের আগে কেনাকাটা, বাড়ি যাওয়া—এসব কিছু মিলিয়ে মানুষের কাছে তো অন্য একটা বিষয় ছিল। তাই এই ধরনের কর্মসূচি তাদের নিজস্ব কাজকর্মে কিছুটা হলেও বাধা তৈরি করেছে। এ জন্য হরতাল হয়তো তেমন জোরালোভাবে হয়নি।