খালেদা জিয়ার বিচার বিশেষ ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে হরতাল ও অবরোধ কর্মসূচিতে নাশকতার চিত্র তুলে ধরেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে হরতাল ও অবরোধ কর্মসূচিতে নাশকতার চিত্র তুলে ধরেন l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল হবে। গতকাল বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য দিয়ে বলেছেন, পেট্রলবোমা হামলার নির্দেশদাতা খালেদা জিয়া এবং তাঁর সহযোগী সব অপরাধীর নামে দায়ের করা মামলাগুলোর বিচার করার জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে। তবে ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত দ্রুত এসব অপরাধের বিচার করার জন্য দায়রা জজকে ক্ষমতা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবেন, এ তথ্য জানতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে এবং জনবল চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ ও জনবল পাওয়ার পর এই ট্রাইব্যুনাল গঠন করা হবে।
সরকারি দলের সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী উল্লিখিত বিষয়ে আরও বলেন, বিএনপি-জামায়াত জোটনেত্রী খালেদা জিয়ার হুকুমে এ বছরের ৫ জানুয়ারি থেকে চলমান হরতাল ও অবরোধে মোট ১৩৪ জনকে হত্যা করা হয়। তাদের ইস্যুবিহীন কথিত আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে ১ হাজার ৩৯৫টি যানবাহন, ১৩ দফায় ট্রেনে এবং ৬ দফা লঞ্চে নাশকতা চালানো হয়।
খালেদা জিয়ার ট্রাইব্যুনালে বিচারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এখন দেশে একদলীয় শাসন চলছে। সরকার নিজেদের মতো করে সংসদ সাজিয়েছে। বিরোধী দলও তাদের। সুতরাং তারা নিজেদের ইচ্ছেমতো আইন করবে, সিদ্ধান্ত নেবে। তাতে কেউ বাধা দেবে না। তাদের কর্মকাণ্ড যদি গণতান্ত্রিক নিয়মনীতির সঙ্গে সংগতিপূর্ণ না হয়, তাতেও কারও কিছু বলার নেই।
এ বছরের ৫ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিএনপির দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি চলার সময় গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ এবং আগুন ধরিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি ও জামায়াতে ইসলামী দেশব্যাপী এই নাশকতার জন্য দায়ী। এসব নাশকতার বিরুদ্ধে সারা দেশে অসংখ্য মামলা হয়েছে। বিএনপির দলীয় সূত্র বলছে, এখন পর্যন্ত ১৪ হাজার মামলা করা হয়েছে। এসব মামলায় তাদের দলের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে। কয়েকটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও আসামি করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় খালেদা জিয়াসহ দলের ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দুটি মামলাতেই খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। অভিযোগপত্র দুটি আদালত এখনো আমলে নেননি।
অন্যান্য প্রশ্নোত্তর: প্রশ্নোত্তরের আগে বেলা পৌনে ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সরকারি দলের ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সীমান্ত চুক্তির বিধান শিগগিরই মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে। এর ফলে অপদখলীয় ভূমিসংক্রান্ত ও অচিহ্নিত সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করা সম্ভব হবে। সীমান্ত চুক্তির ফলে দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার চিরস্থায়ী সমাধান হবে। আন্তর্জাতিক সীমারেখা সুনির্দিষ্ট হবে।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সীমান্ত চুক্তির মাধ্যমে ১১১টি ছিটমহল বাংলাদেশের অনুকূলে আসবে। এর ফলে ১৭ হাজার ১৬১ একর জমি বাংলাদেশের অন্তর্ভুক্ত হবে। এতে বসবাসকারী নাগরিকের সংখ্যা ৩৭ হাজার ৩৮৬ জন। অপরদিকে ভারতের অনুকূলে ৫১টি ছিটমহল যাবে। জমির পরিমাণ ৭ হাজার ১১০ একর। সেখানে বসবাসকারী নাগরিকের সংখ্যা ১৪ হাজার ৯০ জন।
মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শান্তি সূচক ২০১৫ অনুযায়ী, বিশ্বের ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। উপমহাদেশে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশ এগিয়ে। সূচকে তাদের অবস্থান ৯৪তম।