খালেদা জিয়ার বিদেশ সফর শতভাগ সফল দাবি বিএনপির
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শতভাগ সফল হয়েছে। এই সফরের মাধ্যমে তিনি নিজের, দলের ও দেশের জন্য এক বিরল মর্যাদা, সাফল্য ও সম্মান বয়ে এনেছেন। এ জন্য দেশে ফেরার সময় বিমানবন্দরে দলের নেতা-কর্মী ও নগরবাসী তাঁকে করেছেন পুষ্পিত, দিয়েছেন বর্ণাঢ্য সংবর্ধনা।খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে অবহিত করতে গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মারুফ কামাল জানান, এই সফরের মূল সাফল্য হলো দেশ দুটির কর্মকর্তাদের কাছে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা তুলে ধরা ও সমাধানের আশ্বাস পাওয়া, শুল্কমুক্ত তৈরি পোশাক প্রবেশের পথ সুগম করার উদ্যোগ ও বর্তমান সরকারের কারণে বিদেশে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা উদ্ধারের চেষ্টা। লিখিত বক্তব্যে বলা হয়, বিমানবন্দরে জনজোয়ারের কারণে যাঁরা দুর্ভোগে পড়েছেন তাঁদের জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়া। এতে দাবি করা হয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে খালেদা জিয়ার বক্তব্য যতটা গুরুত্ব পেয়েছে দেশের ইতিহাসে আর কোনো বিরোধী দলের নেত্রীর সফরের সময় তা ঘটেনি। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসনের সফর নিয়ে সরকারি দলের কোনো কোনো নেতা-নেত্রীর সমালোচনা আপত্তিকর, অশোভন ও অন্যায্য। ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁরা নিচু সাংস্কৃতিক মান ও রুচির পরিচয় দিয়েছেন। এই গাত্রদাহের জন্য আমরা তাঁদের প্রতি করুণা প্রকাশ করছি। এর মাধ্যমে সরকারের হীনতা-দীনতাও প্রকট হয়ে উঠেছে।’ বিএনপি দাবি করেছে, সফরকালে দুই দেশেই খালেদা জিয়া শীর্ষপর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সফরে তারেক রহমানকে দেখতে যাওয়াটাই ছিল অন্যতম উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সফরকালে দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের নেতৃত্বে ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদল পরম সৌজন্য প্রদর্শন করে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। লিখিত বক্তব্যে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তাঁর ভাই টনি রডহ্যামের মাধ্যমে এক বার্তায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তবে এক প্রশ্নের জবাবে খালেদার সফরসঙ্গী শমসের মবিন চৌধুরী বলেন, হিলারির সঙ্গে দেখা হবে—এমন কোনো কথা দলের পক্ষ থেকে বলা হয়নি। হিলারি দেখা করতে না পারায় নিজ থেকেই দুঃখ প্রকাশ করেছেন। সফরের খরচ নিয়ে ওঠা আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে শমসের মবিন জানান, সফরের টাকা দিয়েছেন প্রবাসী বিএনপির নেতারা। এ বিষয়টি তাঁরাই বলতে পারবেন। দলের জ্যেষ্ঠ নেতাদের না নেওয়া প্রসঙ্গে মারুফ কামাল বলেন, এমন নেতাদের নেওয়া হয়েছে, যাঁদের কূটনৈতিক জ্ঞান আছে। সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।