প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ তারিখ ধার্য করেন।
মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল গতকাল। খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ধার্য করেন।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।