খালেদা জিয়ার বিরুদ্ধে আরও দুই মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের মধ্যে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় করা আরও দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দারুস সালাম থানায় করা এই দুই মামলার অভিযোগপত্রে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুর রহমান ও আবদুর রাজ্জাক গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন।
জানতে চাইলে আদালতে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। মামলা দুটিতে খালেদা জিয়াসহ ২৫ আসামি পলাতক আছেন।
এই নিয়ে অবরোধের মধ্যে নাশকতার মামলায় হুকুমের আসামি করে খালেদা জিয়ার বিরুদ্ধে মোট চারটি অভিযোগপত্র দেওয়া হলো। এর আগে গত বছরের ৬ ও ১৯ মে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গত বছরের শুরুতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘটনায় দারুস সালাম থানায় ওই দুটি মামলা করে পুলিশ।
আদালত সূত্র জানায়, গত বছরের ৩ মার্চ গাবতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা একটি মামলায় এসআই শহীদুর রহমান অভিযোগপত্র দেন। এতে খালেদা জিয়াসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।
আর ৪ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী মাজারের পাশে কাঁচাবাজারে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় অভিযোগপত্র দেন এসআই আবদুর রাজ্জাক। এতে খালেদা জিয়াসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে।
মিরাশ উদ্দিন বলেন, দুটি মামলায় খালেদা জিয়াসহ ২৪ জনের নাম রয়েছে। তাই মোট আসামি ২৭ জন।
খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির নেতা আমান উল্লাহ আমান, সৈয়দা আশিফা আশরাফী, সুলতান সালাউদ্দিন, মারুফ কামাল খান, মীর সরাফত আলী, হাবিব-উন নবী খান, সরোয়ার আলম ও মাসুম হাসান।
খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ছয়টি; হত্যা, বিস্ফোরক ও নাশকতার অভিযোগে চারটিসহ মানহানি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, রাষ্ট্রদ্রোহের অভিযোগ মিলিয়ে মোট ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে দুদকের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। নাইকো ও গ্যাটকো দুর্নীতির মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বিচার শুরু হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে সরকার মামলা করে খালেদা জিয়াকে চাপে রাখার চেষ্টা করছে। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।