খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে। গতকাল বুধবার আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
গতকাল এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর ধার্য দিনে খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি চেয়ে সময়ের আবেদন করেন। আবেদনে বলা হয়, এ দুই মামলার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে চারটি আবেদন করা হয়েছে। এসব আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি করা প্রয়োজন।
দুদকের পক্ষে এ আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তারিখ ধার্য করেন।
এর আগে ১৯ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। সেদিনও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জুলাই তারিখ ধার্য করেছিলেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী সাজ্জাদ হায়দার প্রথম আলোকে বলেন, গত ১৯ মার্চ এ দুই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়েছে। এ ছাড়া বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা দুটি রিট ১৯ জুন খারিজ করেন হাইকোর্ট। ওই দুই আদেশের বিরুদ্ধেও দুটি আবেদন (সিএমপি) করা হয়েছে। আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে।