খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় কালও শুনানি হয়নি
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুটি মামলায় গতকাল রোববারও শুনানি হয়নি। গতকাল নিরাপত্তার কারণ দেখিয়ে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করা হয়। উল্লেখ্য, গতকাল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি ছিল। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম আগামী ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪০ দফায় সময় নিয়েছে আসামীপক্ষ। গতকাল খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে আদালতকে বলেন, খালেদা জিয়ার প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তাই সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মামলা দুটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এর আগে নিরাপত্তাসহ বিভিন্ন কারণ উল্লেখ করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৪০ দফায় ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১০ দফায় সময় নিয়েছেন আসামিপক্ষ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন। এই মামলার অন্য দুই আসামি হচ্ছেন কাজী সলিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও শরফুদ্দিন আহমেদ।