খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অন্য আদালতে বদলির জন্য খালেদা জিয়ার করা আবেদনের ওপর আজ বুধবার হাইকোর্টে আদেশের দিন ধার্য রয়েছে। এই আবেদনের ওপর শুনানি শেষে ৫ মার্চ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একটি অংশ পুনঃ তদন্তের নির্দেশনা চেয়ে খালেদা জিয়ার করা আবেদন এই বেঞ্চে গতকাল উপস্থাপন করেছেন তাঁর আইনজীবী। আজ আবেদনটি কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন ভূইয়া।
নাইকো মামলা নিয়ে খালেদা জিয়ার করা আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ এবং এ এম মাহবুবউদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নাইকো মামলা নিয়ে মওদুদ আহমদের করা আবেদন হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার ক্ষেত্রে ওই মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আজ বুধবার আপিল বিভাগে আবেদন করা হবে।