খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি আবেদন খারিজ
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে করা নালিশি আবেদনটি খারিজ করা হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর আবেদনটি খারিজ করেন।
এর আগে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে নালিশি আবেদন করেন আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মজিবুর রহমান।
গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নালিশি আবেদন করেছিলেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক। তবে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই আবেদনটি নাকচ করে দেন।
২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। ওই দিন পুলিশি বাধার মুখে গুলশানের বাড়ি থেকে বের হতে না পেরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কর্তব্যরত পুলিশের সদস্যদের ধমক দেন। বাড়ি গোপালগঞ্জ কি না, জানতে চান।
সেখানে উপস্থিত পুলিশের কিছু নারী সদস্য নিজেদের মধ্যে কথা বলতে থাকলে তাঁদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই যে মহিলা, মুখটা এখন বন্ধ কেন? এতক্ষণ কী বলছিলেন? মুখ বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না। আপনারা যা করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’