খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে পাবনায় ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার আমলি আদালতে সাথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজিউর রহমান মামলাটি করেন।আদালত মামলাটি গ্রহণ করে আজ বুধবার শুনানির তারিখ দিয়েছেন।খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করেছে।জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক নাজমুল হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।নাজমুল হোসেন জানান, বাদী মামলার বিবরণে উল্লেখ করেছেন, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় এক জনসভায় খালেদা জিয়া আওয়ামী লীগকে চোর ও চাঁদাবাজ বলেছেন।ওই দিন সন্ধ্যায় বাড়িতে বসে একটি বেসরকারি টেলিভিশনে বাদী খবরটি দেখেছেন। এতে তাঁর মনে হয়েছে, খালেদা জিয়ার বক্তব্যে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।