খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সকাল নয়টার দিকে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।
গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার হুমকি দেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে বাদী জানিয়েছেন।
২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তবে ওই দিন পুলিশি বাধার মুখে গুলশানের বাড়ি থেকে বের হতে না পেরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কর্তব্যরত পুলিশের সদস্যদের ধমক দেন। বাড়ি গোপালগঞ্জ কি না, জানতে চান।
সেখানে উপস্থিত পুলিশের কিছু নারী সদস্য নিজেদের মধ্যে কথা বলতে থাকলে তাঁদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই যে মহিলা, মুখটা এখন বন্ধ কেন? এতক্ষণ কী বলছিলেন? মুখ বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালি? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জ আর থাকবে না। আপনারা যা করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।’