বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। এর ফলে নিম্ন আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা নেই।
রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে মামলাটির কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। ফলে মামলাটি চলতে আর কোনো বাধা থাকল না। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আদালত আবেদনটি খারিজ করেছেন।
গত ৩০ আগস্ট খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখা হয়। গত সোমবার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল ও রাগীব রউফ চৌধুরী। রায়ের পর তাঁরা সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল দেন। তাঁর বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা কেন বাতিল করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত।
গতকালের রায়ের পর এক-এগারোর সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা তিনটি দুর্নীতি মামলা আবার সচল হলো। এর আগে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা দুটির কার্যক্রম নিম্ন আদালতে অব্যাহত রয়েছে।