জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন বলে জাতীয় সংসদে বলা হয়েছে। খালেদা জিয়ার এ বক্তব্যকে হালকাভাবে না নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি করেছেন সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদেরা।
গতকাল রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যসূচির শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে অনির্ধারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত হন।
গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক সভায় তারেক রহমান জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করেন। এরপর খালেদা জিয়াও একই দাবি করেন।
সংসদে খালেদা জিয়ার উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এসব কোনো কথা? কী বলেন না বলেন। কোথা থেকে পেয়েছেন এসব?’ তিনি স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনা ও পরিপ্রেক্ষিত তুলে ধরে বলেন, জিয়া দেশের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন।
খালেদা জিয়ার রাজনীতি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, খালেদা জিয়া যা করছেন, তা রাজনীতির মধ্যে পড়ে না। তাঁর বক্তব্য স্বাধীনতাবিরোধী ও কুচক্রী কর্মকাণ্ড। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যের কঠোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জিয়াউর রহমান প্রথমে দেড় শ এবং পরে চার শ টাকা বেতনে মুজিবনগর সরকারের অধীনে চাকরি করেছেন। তিনি রাষ্ট্রপতি হলেন কীভাবে?
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার স্বাধীনতা ও সার্বভৌমবিরোধী বক্তব্য এবং ইতিহাস বিকৃতির জন্য তাঁকে প্রশ্রয় দেওয়া যায় না। সংবিধান অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, মিথ্যার ওপর বিএনপির জন্ম। মিথা নিয়েই খালেদা জিয়া চলেন। তাঁদের মিথ্যা পদে পদে ধরা পড়ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, স্বাধীনতায় যাঁরা বিশ্বাস করেন না, তাঁরাই বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেন। যাঁরা এ ধরনের অর্বাচীন মন্তব্য করবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তাঁদের সংসদে তলব করে কৈফিয়ত নিতে হবে। তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, পাগল-ছাগলদের মাথা মুড়িয়ে দেওয়া দরকার। ওদের সাহস বেড়ে গেছে। মাথাটা নামিয়ে দিতে হবে। ওদের বিরুদ্ধে কঠোর ও চরম ব্যবস্থা নিতে হবে।
জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আমরা কি ১৯ দল করি যে তাঁর কথায় পদত্যাগ করব? তাঁর কথায় নির্বাচন করেছি? উনি আমাদের ভয় দেখান।’
বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বেগম জিয়ার উদ্দেশে বলেন, ‘কীভাবে ওনার চামড়া বাঁচান বা আমাদের চামড়া বাঁচাব, তা দেখা যাবে।’
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলায় নজিবুল বশর মাইজভান্ডারী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি জানান। এ ক্ষেত্রে তিনি নিজেই বাদী হয়ে মামলা করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় উনি কি ক্যান্টনমেন্টে ছিলেন, নাকি কারও সঙ্গে এসি রুমে ছিলেন?’
আলোচনার সূত্রপাত করে জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘ভদ্রমহিলা (খালেদা জিয়া) যে বক্তব্য রেখেছেন, তা জাতীয় সংসদ ও সংবিধানের নিয়মাবলির বরখেলাপ, রাষ্ট্রদ্রোহিতা।’