খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ আগস্ট এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ মামলার অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া গতকাল আদালতে হাজির হননি। তিনি অসুস্থ জানিয়ে তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নতুন তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার পরে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হননি। তাই তাঁর পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত নতুন তারিখ ধার্য করেন।
গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই নালিশি মামলা করেন। ওই সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি।