খালেদা জিয়ার বিরুদ্ধে ৩ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় করা পৃথক তিনটি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এসব মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
২০১৫ সালে করা এ তিন মামলার মধ্যে দুটি যাত্রাবাড়ী থানার। এর একটি হত্যা মামলা ও অপরটি বিশেষ ক্ষমতা আইনের। দারুস সালাম থানার মামলাটি হয় নাশকতার অভিযোগে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে মনিরুজ্জামান কবির বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা অন্য ছয়টি মামলার ওপর এর আগে একই আদালত থেকে স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে।