খালেদা জিয়ার মন্তব্যে নিন্দা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘বিতর্কিত’ মন্তব্য এবং মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের অবস্থানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন সিনেট অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন হয়। এ সময় সিনেট সদস্যরা ডাকসু নির্বাচন, পড়াশোনার মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা বাড়ানো, নতুন বিভাগগুলোর জন্য স্থান সংকুলান, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন, বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তা বৃদ্ধি, গবেষণা ভাতা বাড়ানো, সহযোগী ডিন নিয়োগ করাসহ বিভিন্ন প্রস্তাব করেন।
সিনেটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর অভিভাষণে বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর দেশের একশ্রেণির রাজনীতিবিদ ৩০ লাখ শহীদের পরিসংখ্যান নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। এ ধরনের কোনো অপপ্রয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় বরদাশত করতে পারে না। মুক্তিযুদ্ধে শহীদের পরিসংখ্যান নিয়ে বিতর্কিত মন্তব্য করা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার শামিল।
পরে সিনেটে খালেদা জিয়ার বক্তব্যের জন্য নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। পাকিস্তানের সঙ্গে শিক্ষা সম্পর্ক ছিন্ন করার সিন্ডিকেটের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয় সিনেটে। এ সময় বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের সিনেট সদস্যদের অনেকে অধিবেশন থেকে বের হয়ে যান। তবে সাদা দলের জ্যেষ্ঠ একাধিক সদস্য অধিবেশনে ছিলেন। এ নিয়ে বাইরে চলে যাওয়া সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে সিনেটের একাধিক সদস্য বক্তব্যে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করলে অধিবেশনে থাকা সাদা দলের জ্যেষ্ঠ সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে বের হয়ে আসেন।
অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো পূরণ করা হয়নি। আমরা সাফল্য না নিয়ে ঘরে ফিরে যাব না।’
অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান শিক্ষকদের গবেষণা ভাতা বাড়ানো, সহযোগী ডিনের পদ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ডাকসু নির্বাচন, শিক্ষকদের ওরিয়েন্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেওয়া ও যানজট নিরসনের দাবি জানান।
প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ হচ্ছে। কিন্তু কীভাবে এর স্থান সংকুলান করা হবে, কীভাবে যোগ্য শিক্ষক পাওয়া যাবে, কীভাবে অর্থায়ন হবে, এর সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।