খালেদা জিয়ার মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে। মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে বিএনপির চেয়ারপারসন ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছিলেন। গতকাল বৃহস্পতিবার সেই আবেদনও খারিজ করে দিলেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রইল এবং মামলার কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, মামলায় এখনো অভিযোগ গঠিত হয়নি। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।