মুক্তিযুদ্ধে শহীদ এবং বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা মামলায় আগামী ১৫ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন। গতকাল এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত এ আদেশ দেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’ অপর অভিযুক্ত গয়েশ্বর চন্দ্র রায় ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছেন।’ এসব বক্তব্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার পর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকি এ মামলা করেন।