বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার কার্যক্রম নিম্ন আদালতে স্থগিত ও বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব মামলা দুটির কার্যক্রম তিন মাস স্থগিতের পাশাপাশি রুল দেন। অার বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ রিট আবেদনটি খারিজ করে দেন।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, নিয়ম অনুসারে এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি তৃতীয় বিচারকের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করে আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দুটি দায়ের করে। দুই মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া উচ্চ আদালতে যান। তবে গত ২৩ এপ্রিল তাঁর আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরপর মামলা দুটিতে বিচারক নিয়োগ-প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১২ মে রিট আবেদন করেন খালেদা জিয়া। দুই দিন শুনানির পর গতকাল আদেশ দেওয়া হয়৷
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম ও দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রিটের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মো. আসাদুজ্জামান। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই দুই মামলার বিচারকাজ চলছিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এ৷ এই দুই মামলায় ২১ মে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। আইন মন্ত্রণালয়ের গত ৩০ এপ্রিলের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী আদালত ভবনে মামলা দুটির বিচারকাজ পরিচালিত হবে। ওই অস্থায়ী এজলাসে বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার হয়৷