খালেদা জিয়ার রিটের পরবর্তী শুনানি ৬ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দায়ের করা রিটের ওপর পরবর্তী শুনানি ৬ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ শুনানি মুলতবি করে এ তারিখ ধার্য করেন। এর আগে ৬ থেকে ৮ জুন পর্যন্ত তিন দিন রিটের শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান রিট ও সম্পূরক আবেদন পাঠ করেন। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি-জেনারেল মাহ্বুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল মুরাদ রেজা। খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে জানান, আদালত ৬ জুলাই পর্যন্ত রিটের শুনানি মুলতবি করেছেন। জানা যায়, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ওই বছরের ৩০ জুনের মধ্যে তাঁর সেনানিবাসের বাড়ির দখল সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে আদালত নোটিশের কার্যক্রম স্থগিত করেন এবং কেন তা অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর এখন শুনানি চলছে।