খালেদা জিয়ার রিটের শুনানি আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের ওপর শুনানি হাইকোর্টে আবার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে চতুর্থ দিনের মতো শুনানি হয়। আজ দুপুরে আবার শুনানি হবে।গত ৬ থেকে ৮ জুন পর্যন্ত তিন দিন রিটের রুলের শুনানি হয়। পরে ৯ জুন আদালত শুনানি মুলতবি করে ৬ জুলাই শুনানির দিন ধার্য করেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান বলেন, রাষ্ট্রপতি লিজ দলিলের মাধ্যমে বিএনপির চেয়ারপারসনকে এই বাড়ি বরাদ্দ দেন। নোটিশ দিয়ে তা বাতিল করা যায় না। কিন্তু বরাদ্দ বাতিলের জন্য একাধিক নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশ উদ্দেশ্যপ্রণোদিত। লিজ বাতিল করতে হলে আইনের আশ্রয় নিতে হবে। আর বরাদ্দ বৈধ না অবৈধ, এটি বিবেচনার এখতিয়ার শুধু আদালতের। শুনানিতে তাঁকে সহায়তা করেন আইনজীবী মোহাম্মদ আহসান। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।