সেনানিবাসের বাড়ি ছাড়তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি হবে ১১ মার্চ। গতকাল সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন নির্ধারণ করেন।সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান এবং খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ মামলা পরিচালনা করেন। খন্দকার দিলিরুজ্জামান জানান, আদালত বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে শুনানির দিন ধার্য করেছেন। উল্লেখ্য, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে গত ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়ার রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ওই নোটিশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। ইতিমধ্যে এই স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করা হয়। সর্বশেষ গত বছরের ১৪ ডিসেম্বর ওই স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করেন আদালত।