ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালত পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির কাছে ইতিপূর্বে খালেদা জিয়ার করা আবেদনের ওপর কী আদেশ হয়েছে, তা এ সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে আবেদনকারী পক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। আদেশে বলা হয়, প্রধান বিচারপতি এই বেঞ্চে শুনানি চালিয়ে যাওয়ার আদেশ দিলে শুনানি হবে। যদি তিনি রিট আবেদনটি বেঞ্চের কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন, তাহলে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হবে।আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আদালত ২৪ মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। এ সময়ের মধ্যে প্রধান বিচারপতির এ বিষয়ে দেওয়া আদেশ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।আদালত সূত্র জানায়, প্রধান বিচারপতির কাছে আদালত পরিবর্তনের জন্য ১১ মে আবেদন করা হয়। গতকাল দুপুরে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট আদালতে একটি চিঠি পাঠান। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট আদালতে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির কাছে দাখিল করা আবেদনের আলোকে মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত থেকে মতামত তাঁর কাছে পাঠানো হতে পারে।গতকাল সকালে শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ দুই সপ্তাহ শুনানি মুলতবির আরজি জানান। সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।