খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলও (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল ২৪ নভেম্বর খারিজ করেন আপিল বিভাগ। সেদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাঁর করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়। গতকাল আদালত আদেশ দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া দুটি লিভ টু আপিল করেন। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে অপর লিভ টু আপিল করা হয়।
আপিল বিভাগের আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৫২৬ অনুসারে মামলাটি অন্য আদালতে বদলির জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছি। এটি শুনানির জন্য রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে উপস্থাপন করেছি। এটি শুনানির অপেক্ষায় আছে। মনে করি, এ আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতে মামলাটি চলতে পারে না।’
অবশ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে মামলার কার্যক্রম চলতে আইনি কোনো বাধা নেই, আগেও বাধা ছিল না। কারণ, মামলায় আগেও উচ্চ আদালতের কোনো স্থগিতাদেশ ছিল না।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির কার্যক্রম চলছে। এ দুই মামলার শুনানির জন্য আজ ১ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।