দুর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল অনুমতির আবেদনের (লিভ টু আপিল) শুনানি হবে আগামী বছরের ১০ জানুয়ারি। খালেদা জিয়ার পক্ষে পুনরায় শুনানির জন্য তারিখ নির্ধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দিন নির্ধারণ করেন।মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। সূত্র জানায়, এই রায়ের বিরুদ্ধে চলতি বছর লিভ টু আপিল করেন খালেদা জিয়া। ৭ মার্চ আদালত ১২ জুন শুনানির জন্য রাখেন। তবে তালিকায় না আসায় পুনরায় দিন নির্ধারণের আবেদন করা হয়।আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন খোকন এবং এম বদরুদ্দোজা মামলা পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, শুনানির জন্য পুনরায় দিন ধার্য করার আবেদন জানানো হয়েছিল। চেম্বার বিচারপতি আগামী বছরের ১০ জানুয়ারি লিভ টু আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন।জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ সাতজনের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে দুদক। ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৪ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।