খালেদা জিয়ার লিভ টু আপিল শুনানি ৩১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা বাতিল আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল অনুমতির আবেদনের ওপর (লিভ টু আপিল) আগামী ৩১ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খালেদা জিয়ার কৌঁসুলিদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এ দিন ধার্য করেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুবউদ্দিন, শাহ মো. মুনীর শরীফ, রাগীব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, ১০ জানুয়ারি নিয়মিত বেঞ্চে লিভ টু আপিলের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু শুনানি না হওয়ায় দিন ধার্যের আবেদন জানানো হয়। চেম্বার বিচারপতি ৩১ মার্চ শুনানির দিন ধার্য করেছেন।জানা যায়, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করে দুদক। এতে খালেদা জিয়া, তারেক রহমানসহ সাতজনকে আসামি করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।