জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির তারিখ পরিবর্তন চেয়ে দুদকের করা আবেদনের ওপর আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।
ওই মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন গত ২৩ এপ্রিল হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ৭ জুলাই তিনি লিভ টু আপিল করেন। তাঁর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি ২৭ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তা শুনানির দিন ধার্য করেন। এই তারিখ এগিয়ে আনার জন্য ১৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করে। শুনানি নিয়ে ১৯ অক্টোবর চেম্বার বিচারপতি আবেদনটি ২৩ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হয়। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও খালেদা জিয়ার পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন শুনানি করেন।