জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিষয়ে করা আবেদন হাইকোর্টের খারিজের আদেশের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের ওপর আদেশের দিন আগামী রোববার ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশের পরবর্তী এ দিন ধার্য করেন। গত সোমবার এই লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি শেষে আদালত মঙ্গলবার আদেশের জন্য রেখেছিলেন।
গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, গতকাল আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের ডিডের কপি চেয়েছেন। এই কপি আবেদনকারী পক্ষ দাখিল করেছে। আদালত রোববার আদেশের দিন ধার্য করেছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল সোমবার আপিল বিভাগে খারিজ হয়। এ মামলায় অভিযোগ আমলে নেওয়া ও অভিযোগ গঠনের বিরুদ্ধে করা আবেদন হাইকোর্টে খারিজের পর এ দুটি লিভ টু আপিল করা হয়েছিল।
সোমবার এ দুই মামলা শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে মামলা দুটির কার্যক্রম চলছে।