খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর আদেশ ২৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর ২৪ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী এম বদরুদ্দোজা। দুদক পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশীদ আলম খান।

নাইকো মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ১৮ জুন হাইকোর্ট তা খারিজ করে রায় দেন। এ মামলায় দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট খালেদা জিয়াকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর লিভ টু আপিল করেন খালেদা জিয়া। লিভ টু আপিলের শুনানির দিন ধার্যের জন্য চলতি বছরের ৯ অক্টোবর আবেদন করেন তাঁর আইনজীবীরা। চেম্বার বিচারপতির আদালত হয়ে আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।