খালেদা জিয়ার লিভ টু আপিলের ওপর শুনানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি চলছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচজন বিচারপতির বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন।
গতকাল সকালে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন প্রস্তুতির জন্য সময় চেয়ে শুনানি মুলতরির আরজি জানান। এরপর আদালত দুপুর ১২টায় সময় নির্ধারণ করেন। তখন শুনানিতে অংশ নিয়ে জয়নুল আবেদীন ওই মামলার এজাহার ও তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। শুরুতে তিনি বলেন, এফআইআর ও অভিযোগপত্রের মধ্যে অসংগতি রয়েছে। প্রায় দেড় ঘণ্টা শুনানি চলে। আদালত আজ বুধবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনকে আসামি করে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলাটি বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট খারিজ করেন। এর বিরুদ্ধে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। গত সোমবার আপিল বিভাগে এর শুনানি শুরু হয়।